পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপির দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপির দুই নেতা কুপিয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পারেরহাট চালনা সেতু–সংলগ্ন ইন্দুরকানী সীমান্তবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের পক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর আহত ব্যক্তি তাঁর ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক, যিনি সদরের শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত দুই নেতার পথ আটকায়। এরপর তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক রাজীব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।’
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ