সংসদে শপথ নেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন এনসিপির ছয় সাংসদ।
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ না–নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। সম্প্রতি বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি—এই প্রেক্ষাপটে এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা শপথ না–নেওয়ার পক্ষে মত দিচ্ছেন। তবে এ ব্যাপারে তাঁরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে এনসিপির নবনির্বাচিত ছয় সংসদ সদস্যের শপথগ্রহণের সময় নির্ধারিত ছিল। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, শপথ অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা ইতিমধ্যে সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন।
মনিরা শারমিন আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির সংসদ সদস্যরাও শপথ না–নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আজ বেলা ১১টার দিকে বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আমরা শপথ না–নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছি। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে চাচ্ছি না।’
দৈনিক বিজয় নিউজ/ ই