নওগাঁর বদলগাছীর হলুদবিহার গ্রামে ধান রোপণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত আইয়ুব হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইউসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নে হলুদবিহার গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবার সূত্র জানায়, জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আইয়ুব হোসেন, তার ছেলে মাহাবুব আলম সুরুজ এবং রেজাউল ইসলামকে প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। পরে আইয়ুব হোসেনসহ কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জমি ও কবরস্থানে রোপিত বাঁশঝাড় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে ধান রোপণের চেষ্টা করলে বাধা দেয়া হয়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হলে আইয়ুব হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার