কুড়িগ্রামে ধ্বংসপ্রাপ্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার টাঙানো

কুড়িগ্রামে ধ্বংসপ্রাপ্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ব্যানার টাঙানো
ছবিঃ রাশিদুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে পূর্বে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগের জেলা কার্যালয়ের জায়গায় আজ বুধবার সকালে ব্যানার ও জাতীয় পতাকা টাঙানো হয়েছে। জেলা শহরের শাপলা চত্বরে অবস্থিত দলটির সাবেক এই কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর দলীয় ব্যানার ও পতাকা দেখা যায়। জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তাঁর ফেসবুক আইডিতে ব্যানার টাঙানোর একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’ ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানো হয়েছে। সেখানে পাঁচ থেকে সাতজন তরুণ উপস্থিত ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, পতাকা ও ব্যানার টাঙানোর পর তরুণেরা ‘জয় বাংলা’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ প্রভৃতি স্লোগান দেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পতাকাটি নামিয়ে দেন। এ সময় আজিজ বলেন, ‘আমরা পতিত আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিলাম। আজ সেখানে পাঁচ থেকে সাতজন ছাত্রলীগ এসে ব্যানার টাঙিয়েছে। যাঁরা এই সুযোগ দিলেন, তাঁরা এর ফলাফল খুব দ্রুতই টের পাবেন।’

পরে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে গিয়ে ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের আশপাশের টিনের বেড়া ভেঙে দেন।

উল্লেখ্য, গত বছর ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ লোকজন এই কার্যালয়টি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেন। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।

দৈনিক বিজয় নিউজ/ রাশিদুল ইসলাম