রাজাপুরে ঝুঁকিপূর্ণ সেতু নির্মাণ: দু'পাশে রেলিং ও মাটিভরাট না থাকায় দুর্ঘটনার আশঙ্কা
জনসাধারণের প্রশ্ন এই অনিয়মের শেষ কোথায়?
দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৪২ কুড়া গ্রামে হাকিম মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী গ্রামের সাথে সংযোগ স্থাপনের জন্য নির্মিত একটি ছোট সেতু অসম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন কাজ স্থগিত থাকার পর সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলেও এর নিরাপত্তা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে গেছে।
নির্মাণকাজে গুরুতর ত্রুটি পরিলক্ষিত হয়েছে। সেতুটির দুপাশে নিচের অংশে দ্বিতীয় একটি রেলিং না থাকায় ফাঁকা জায়গা থেকে ছোট শিশুদের পতনের ঝুঁকি তৈরি হয়েছে। অথচ নির্মাণ পরিকল্পনায় উপরে ও নিচে দুটি করে রেলিং বসানোর কথা থাকলেও শুধু উপরের অংশে একটি রেলিং দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া সেতুর উভয় প্রান্তে মাটি ভরাট না করায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

নির্মাণ ইতিহাস ও অনিয়ম:
সেতুটি নির্মাণের কাজ গত ২৫ নভেম্বর, ২০২৪ তারিখে অনুমোদিত হয়। ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার) মোঃ কবির হাওলাদার (মাইনুল ইসলাম কবির)-কে কাজটির দায়িত্ব ও অর্থ বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মেম্বারের নিকট কাজ ও অর্থ বুঝিয়ে দেওয়া হয়।
অভিযোগ পাওয়া গেছে, অর্থ বুঝে পাওয়ার পর মেম্বার দীর্ঘ সময় কাজ স্থগিত রাখেন। স্থানীয়দের একাধিক অনুরোধ সত্ত্বেও তিনি কাজ সম্পন্নে আগ্রহ দেখাননি। একপর্যায়ে এলাকার একটি মেয়াদোত্তীর্ণ পুরনো সেতু ভেঙে পড়লে মেম্বার স্থানীয়দের ইউনিয়ন পরিষদ থেকে ভাঙা সেতুর পুরনো লোহার অ্যাঙ্গেল ও স্ল্যাব সংগ্রহ করে আনতে বলেন এবং পরবর্তীতে এর খরচ পরিশোধের প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা নিজেদের উদ্যোগে প্রায় ১০,০০০ টাকা খরচ করে উপকরণ সংগ্রহ করলেও মেম্বার পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা পরিশোধ ও কাজ সম্পূর্ণ করতে অস্বীকৃতি জানান। দীর্ঘ ৭-৮ মাস পর স্থানীয়দের চরম অসন্তোষ ও ক্ষোভের মুখে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি শুধুমাত্র পুরনো লোহার অ্যাঙ্গেল ও ভাঙা স্ল্যাব বসিয়ে কাজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে দেন। বর্তমানে সেতুটির রেলিং ও দুপাশের মাটিভরাটের কাজ অসম্পূর্ণ রয়েছে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
কর্তৃপক্ষের প্রতি আহ্বান:
জনস্বার্থে ও সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সেতুটির নিরাপত্তা নিশ্চিত করতে অসমাপ্ত রেলিং বসানো ও মাটি ভরাটের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন