যুগোপযোগী প্রশিক্ষণই পেশাগত জীবনের মেরুদণ্ড - রংপুর রেঞ্জ কমান্ডার

যুগোপযোগী প্রশিক্ষণই পেশাগত জীবনের মেরুদণ্ড - রংপুর রেঞ্জ কমান্ডার
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

‘শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেম’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ ও ২৭তম ব্যাচের নবীন ব্যাটালিয়ান আনসার সিপাহিদের ১০ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২২ফেব্রুয়ারি লালমনিরহাট জেলায় অবস্থিত লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন ৩৪-এর পরিচালক মো. কামারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও প্রশিক্ষণার্থীদ'র উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। উদ্বোধনী বক্তব্যে রংপুর রেঞ্জ কমান্ডার বলেন, প্রশিক্ষণই একজন সিপাহির পেশাগত জীবনের মেরুদণ্ড। এই ১০ সপ্তাহ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অস্ত্রচালনা, ড্রিল ও শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ গড়ে উঠবে। নবীন সিপাহিদের শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগত চেতনা, আনুগত্য ও আত্মনিয়ন্ত্রণই হবে সফলতার মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, নিয়ম-শৃঙ্খলা মেনে প্রশিক্ষণের প্রতিটি ধাপ গুরুত্বসহকারে অনুসরণ করলে ভবিষ্যতে একজন আদর্শ ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, সুশিক্ষিত ও মানবিক সদস্য গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য এ কথা উল্লেখ করে তিনি নবীনদের কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও কমান্ড চেইন মেনে চলার ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। পুরো আয়োজনটি ছিল অনুপ্রেরণামূলক ও গৌরবময়, যা নবীন সিপাহিদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে। এ সময় ব্যাটালিয়নের কর্মকর্তা প্রশিক্ষণার্থী নবীন সদস্য, সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান