বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা বাধ্যতামূলক!

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা বাধ্যতামূলক!
ছবিঃ মো: আল আমিন

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। পাসপোর্টে ভিসার স্টিকার সংযুক্ত করার প্রচলিত পদ্ধতি বাতিল করে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসছে দেশটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে British High Commission Dhaka। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের অবশ্যই একটি UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে পাসপোর্টের তথ্য সংযুক্ত ও যাচাই করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য হালনাগাদ ও সঠিকভাবে যুক্ত আছে কিনা তা নিশ্চিত করা বাধ্যতামূলক। সব তথ্য সঠিকভাবে আপডেট হওয়ার পরই আবেদনকারীরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। ভিসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে UK Visas and Immigration (UKVI)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ই-ভিসা সংক্রান্ত সেবা গ্রহণ বা UKVI অ্যাকাউন্ট তৈরি করতে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। এ বিষয়ে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় ভিজিট, স্টুডেন্ট, ওয়ার্কসহ সব ধরনের ভিসা আবেদনকারী বাংলাদেশিরা ই-ভিসা পাবেন। ডিজিটাল পদ্ধতিতে ভিসা সংরক্ষিত থাকায় পাসপোর্ট হারিয়ে গেলে ভিসা হারানোর ঝুঁকি থাকবে না এবং ইমিগ্রেশন প্রক্রিয়াও দ্রুততর হবে বলে জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য ধীরে ধীরে তাদের বৈশ্বিক ভিসা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল রূপে রূপান্তর করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থায় ভ্রমণের আগে আবেদনকারীদের সচেতন থাকা জরুরি। ফ্লাইটে ওঠার পূর্বে অনলাইনে ভিসা স্ট্যাটাস যাচাই না করলে ভোগান্তির আশঙ্কা থাকতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন