নওগাঁর বদলগাছী বিএনপি নেতা আনোয়ার, ভাতাভোগী আওয়ামীলীগের সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল !
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী ওএমএস কার্ডধারী আওয়ামী-লীগের লোকদের কাছ থেকে টাকা, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়া নির্দেশ দেওয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। আনোয়ার হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির (ওএমএস) ডিলার। ১৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মিঠাপুর বাজারে দলীয় নেতা-কর্মীর উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ভাতাভোগীর কাছ থেকে টাকা, সই নিয়ে চাল দেবেন না, চাল চাইলে মার দেবেন সাথে গালিগালাজ করবেন।’
তাঁর এই বক্তব্যের একটি অডিও ক্লিপ গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে উপজেলা বিএনপি তাঁকে সাময়িক অব্যাহতি দেয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় তাঁকে সাময়িকভাবে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’ তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য জানা যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার