ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তবে গত ২৫ ফেব্রুয়ারি তিনি ‘ব্যক্তিগত’ ও ‘পারিবারিক’ কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২৫ ফেব্রুয়ারি পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার এ দায়িত্ব পালন করবেন। গত বছরের ৭ জানুয়ারি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হওয়া মো. সরওয়ারকে পরে ট্রাফিক বিভাগের প্রধান করা হয়। গত ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) হিসেবে পদোন্নতি পান।
এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে এই পদে নিযুক্ত করা হয়। একই দিনে সাবেক আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার, যদিও চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি ছিল।
দৈনিক বিজয় নিউজ/ ই