বুড়িচংয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, পেট্রোল পাম্পে দীর্ঘ সারি
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গত দুইদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চালক, পরিবহন মালিক ও সাধারণ চালকরা। শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। পাম্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে অধিকাংশ পাম্পে গাড়িপ্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। এতে দূরপাল্লা ও স্থানীয় রুটের যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
সবচেয়ে সংকটে পড়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে।” পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুইদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। মজুত ফুরিয়ে আসায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন। পাম্প মালিকরা আরও জানান, আগামী রবিবারের মধ্যে নতুন সরবরাহ না এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। হঠাৎ এই জ্বালানি সংকটে জেলার পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ