পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ-এর শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুন এবং শিক্ষক সমিতির সভাপতি ড. কলিম উদ্দিন। অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও যুবকদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতাও পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রফেসর মো. লুৎফর রহমান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান