মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে আগুন

মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে আগুন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ ফেনী প্রতিনিধি:

ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, মাটি ব্যবসা নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া বসতঘর দুটি ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ও শর্শদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ফতেহপুর এলাকায় মাটি ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার রাতে একটি ইটভাটার জন্য মাটি পরিবহনের সময় এক পক্ষ কয়েকটি গাড়ি আটক করলে সাইফুদ্দিন ও তাঁর সমর্থকদের সঙ্গে ওই পক্ষের বিতণ্ডা হয়। ওই পক্ষে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসমবায়বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মীর মোশাররফ হোসেন, শর্শদি ইউনিয়ন যুবদলের সমন্বয় কমিটির সদস্য জাফর আহমদ ও যুবদল কর্মী দেলোয়ার হোসেন, আলাউদ্দিন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাইফুদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতের ঘটনার পর থেকে তাকে নানা হুমকি দেওয়া হয়। শুক্রবার জুমার পর জাফর আহমদ ও তার লোকজন তার মেজ ভাইকে মারধর করে হাত ভেঙে দেয়। পরে তার দুই কর্মীকে তুলে নিয়ে দেবীপুর এলাকার একটি ক্লাবে বেঁধে রাখা হয়। রাতে জাফরের নেতৃত্বে দেলোয়ার, জামাল, আরফান তার বাড়িতে হামলা চালায়। তিনি আরও বলেন, হামলার সময় তার মা ও বোনকে একটি ঘরে আটকে রাখা হয়। পরে মা পেছনের দরজা দিয়ে বেরিয়ে সামনের রাস্তায় গেলে হামলাকারীরা ঘরে পেট্রল ঢেলে আগুন দেয়।

অভিযোগের বিষয়ে জাফর আহমদ ও দেলোয়ার হোসেনের মুঠোফোনে কল করা গেলেও তারা রিসিভ করেননি। উপজেলা কৃষক দলের সদস্যসচিব মীর মোশাররফ হোসেন নিজেকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন এবং বলেন, খবর পেয়ে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ঘটনাস্থলে ছুটে যান। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসমবায়বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বলেন, এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে তার উপস্থিতি খোঁজার আহ্বান জানিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, আগুনে বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তের পর আগুনের কারণ জানা যাবে।

শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল বলেন, তারা সন্ত্রাসী রাজনীতি করে না এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে এটি দলীয় অভ্যন্তরীণ বিরোধের ঘটনা বলে মনে হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/  ই