নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
নওগাঁর আত্রাই রেলস্টেশনে সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল এমরান মিয়া (২৫) চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তাঁর দুই পা হারিয়েছেন। খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পুরোপুরি থামার আগেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন, এ সময় তাঁর পা চাকার নিচে চলে যায় এবং হাঁটু থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এমরান মিয়া বাগেরহাটে কর্মরত। তিনি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে আসছিলেন। আত্রাই থানার ওসি আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ ই