পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ৬-এপ্রিল দুপুরে জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে বাংলা চলচ্চিত্রের মহা নায়িকা সুচিত্রা সেনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে সুচিত্রা সেন জন্ম বার্ষিকীতে তার জীবন ও কমের উপর নানা দিক তুলে ধরে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহাকারি প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, দৈনিক কালের কণ্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি পবীর কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা ও ফজলুল হক সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুচিত্রা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নরেশ মধু। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, সুচিত্রা সেন স্মৃতি পরিষদের সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান