ডুজা সদস্যদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাব, দোষীদের দ্রুত বিচারের দাবি

ডুজা সদস্যদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাব, দোষীদের দ্রুত বিচারের দাবি
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

‎ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (পাবিপ্রবি প্রেসক্লাব) একইসঙ্গে অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। ‎শুক্রবার (২৪ এপ্রিল) দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ‎বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। অভ্যুত্থানোত্তর সময়ে দেশে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত হলেও এখনও সাংবাদিকদের টার্গেট করে হামলার ঘটনা উদ্বেগজনক।

‎তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং এটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শাহবাগ থানার এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গেলে ডুজার কয়েকজন সদস্য ছাত্রদলের কিছু নেতাকর্মীর হামলার শিকার হন। ‎এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। ‎এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়