কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের  প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে টানা ও ভারী বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়ক ও সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা নিতে আসা মানুষ এবং সাধারণ পথচারীদের সাময়িক চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সোমবার (০৬ জুলাই) দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পর কেশবপুর উপজেলা পরিষদ চত্বর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়ক, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং পাঁজিয়া সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বিশেষ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে আসা-যাওয়া ব্যাহত হয়। এছাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বাজার এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও ক্রেতারাও দুর্ভোগে পড়েন। স্থানীয়রা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। ভুক্তভোগীরা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ