সাংবাদিক সুরুজ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

সাংবাদিক সুরুজ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীকে একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি। একই সঙ্গে সংগঠনটি তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুসহ বিভাগীয় নেতৃবৃন্দ বলেন, মো. সুরুজ আলী আদালতের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে একজন সাংবাদিককে হয়রানির শিকার করা হচ্ছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, সুরুজ আলীর দ্রুত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্তের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন