কুমিল্লা দাউদকান্দিতে—৩০ বছরের পুরোনো সেতুতে ফাটল, বাঁশের খুঁটিতে ঠেকিয়ে রক্ষা! অবর্ণনীয় দুর্ভোগে ২০ হাজার মানুষ

কুমিল্লা দাউদকান্দিতে—৩০ বছরের পুরোনো সেতুতে ফাটল, বাঁশের খুঁটিতে ঠেকিয়ে রক্ষা! অবর্ণনীয় দুর্ভোগে ২০ হাজার মানুষ
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার দাউদকান্দিতে গোমতীর শাখা খালের ওপর নির্মিত প্রায় তিন দশকের পুরোনো একটি সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর মাঝের অংশ দেবে গিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে, পলেস্তারা খসে বেরিয়ে এসেছে মরিচাধরা রড। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার সাত গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ​সরেজমিনে যা দেখা যায় ​দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর পাড় থেকে চেঙ্গাকান্দি উত্তর পাড় পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কের একমাত্র সংযোগ এই সেতুটি। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সড়কের মুখেই যানবাহন থেমে যায়—অটোরিকশা বা কোনো ভারী যান পার হওয়ার উপায় নেই। সেতুর পিলারের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে শতাধিক বাঁশের খুঁটি গেড়ে সেতুটি কোনোমতে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

​চরম দুর্ভোগে ২০ হাজার মানুষ ​গোলাপেরচর ও আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী আয়েশা আক্তার ও আজিজ আব্দুল্লাহসহ এলাকাবাসী এবং অটোচালক মো. খালেক দ্রুত একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। ​প্রশাসনের বক্তব্য ​এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জনদুর্ভোগ লাঘবে সেতুটি পুনর্নির্মাণের একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ