নওগাঁর মান্দা শ্রীরামপুর গ্রামে ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালালো মাদক কারবারি
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে গেছে এক মাদক কারবারি। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় মান্দা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান ও কনস্টেবল জিয়াউর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার শ্রীরামপুর উত্তর ঋষিপাড়ার শচীন্দ্র ঋষির ছেলে শ্রী জিতেন চন্দ্র ঋষিকে টার্গেট করে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি কৌশলে পালিয়ে যাওয়ার সময় ১৫৭ গ্রাম গাঁজা ফেলে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার