ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারী (কাটগিরীপাড়া) এলাকার আবুল হোসেনের ছেলে বুলবুল আহমেদ (৩২) এবং লোহাগাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে মামুন মিয়া (২৯)। পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রুপগঞ্জগামী পাকা সড়কের পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ উপকেন্দ্রের সামনে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা-পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সেটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক দুজনের দেহ তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম