কুমিল্লার বিভিন্ন স্পটে পুলিশের বিশেষ অভিযান: ১৩ মাদক কারবারি আটক, বিপুল মাদক উদ্ধার

কুমিল্লার বিভিন্ন স্পটে পুলিশের বিশেষ অভিযান: ১৩ মাদক কারবারি আটক, বিপুল মাদক উদ্ধার
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

মাদকের কালো থাবায় বিপর্যস্ত কুমিল্লার জনপদ রক্ষায় এবার সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে জেলা পুলিশ। মাদকের নিরাপদ আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন পয়েন্টে নজিরবিহীন ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটগুলো। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, জেলার বিভিন্ন থানায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীসহ মোট ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের আস্তানা তল্লাশি করে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা এবং প্রায় ৭২ কেজি গাঁজার একটি বিশাল চালান উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত অবৈধ নগদ অর্থ ও সেবনের নানা সরঞ্জামও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ​আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। ​এই বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, "মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধী বা সিন্ডিকেটকে একচুলও ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদকের শেকড় চিরতরে উপড়ে ফেলতে আমাদের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ