রাকাব বগুড়ার নতুন জোনাল ব্যবস্থাপক ডিজিএম রুহুল আমিনের যোগদান

রাকাব বগুড়ার নতুন জোনাল ব্যবস্থাপক ডিজিএম রুহুল আমিনের যোগদান
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন। বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া (উত্তর) জোনাল কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মো. রুহুল আমিন রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালে জোনাল কার্যালয়গুলোর মধ্যে কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক হিসেবে সম্মাননা অর্জন করেন। মো. রুহুল আমিন ২০০৭ সালে সিনিয়র অফিসার হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যোগদান করেন। লালমনিরহাট জেলার হাতীবান্ধা শাখায় কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের প্রায় সাতটি শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি লাভের পর তিনি প্রথমে রাকাবের নওগাঁ জোনে জোনাল অডিট অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তাঁর কর্মদক্ষতা ও যোগ্যতা বিবেচনায় ঠাকুরগাঁও জোনের জোনাল ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। এরপর কুড়িগ্রাম জেলায় জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। কর্মক্ষেত্রে তাঁর সাফল্য ও দক্ষতার ধারাবাহিকতায় ২০২৩ সালে তিনি উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে পদোন্নতি পান। একই সঙ্গে রাকাবের অন্যতম বৃহৎ নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে তাঁকে পদায়ন করা হয়। নওগাঁ জোনে সফলভাবে দায়িত্ব পালন শেষে এবার তিনি বগুড়া (উত্তর) জোনের নেতৃত্ব গ্রহণ করলেন।

মো. রুহুল আমিন বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াদিঘী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মো. আব্দুস সামাদ প্রামাণিক ও রত্নগর্ভা মা মোছা. রওশোনারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে JAIBB ও AIBB পেশাগত ডিগ্রি অর্জন করেন। বগুড়া (উত্তর) জোনের নতুন দায়িত্ব গ্রহণের পর মো. রুহুল আমিন ব্যাংকের গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, সকলের সহযোগিতায় বগুড়া (উত্তর) জোনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করা সম্ভব হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান