কুমিল্লার চান্দিনায় গত চার মাসে লাগাতার ডাকাতির আতঙ্ক: এবার হারং কাদির দরগা বাড়িতে গেট ভেঙে ঘরে ঢুকে সর্বস্ব লুট
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় যেন থামছে না অপরাধের তাণ্ডব। গত চার মাস ধরে ধারাবাহিক ও একের পর এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় এবার চান্দিনা পৌরসভার হারং কাদির দরগা বাড়ি এলাকায় মো. খলিলুর রহমানের বাড়িতে গভীর রাতে প্রধান গেটের তালা ভেঙে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে আনুমানিক আড়াইটার দিকে এই সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গত চার মাস ধরে চান্দিনার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে একের পর এক ডাকাতি ও চুরির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ এই ঘটনায় গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত জোরপূর্বক হারং কাদির দরগা বাড়ি এলাকার মো. খলিলুর রহমানের ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতদল ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা এবং ৪টি দামি মোবাইল ফোন লুটে নেয়। পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালিয়ে ডাকাতদল নিরাপদে পালিয়ে যাওয়ার পর, পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। চান্দিনায় গত চার মাসে সংঘটিত এই ধারাবাহিক ডাকাতিগুলোতে সাধারণ মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বিষয়ে চান্দিনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘন ঘন ঘটে চলা এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এবং রাতের টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ