মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী আটক এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন তৈরির অভিযোগ, তিন মাসের পুরোনো প্রতারণার তথ্য
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন (নামজারি) তৈরির অভিযোগে কে এম প্রিন্স নামে এক দলিল লেখকের সহকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কে এম প্রিন্স দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করতেন। ম্যাটট্রেন হোল্ডার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিসে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। অভিযোগকারী শাম্মী আক্তার জানান, প্রায় তিন মাস আগে ৫৬ নম্বর জে.এল. খাজুরা মৌজার সাতটি দলিলের মিউটেশন সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য তিনি প্রিন্সের কাছে দেন। পরে প্রিন্স দুটি দলিলের মিউটেশনের কাগজপত্র সম্পন্ন করে তার কাছে জমা দেন। কাগজপত্র পাওয়ার পর শাম্মী আক্তার মিউটেশনের কিউআর কোড স্ক্যান করে যাচাই করতে গিয়ে দেখতে পান, ওই দুটি মিউটেশন ভুয়া। এছাড়া মিউটেশন কাগজে সহকারী কমিশনার (ভূমি)-এর স্বাক্ষরের স্ক্যান কপি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় মৌখিক অভিযোগ করা হলে উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় কে এম প্রিন্সকে হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, এ ধরনের জালিয়াতি চক্রের কারণে কুয়াকাটায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেক বিনিয়োগকারী। তাঁর দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী