ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা দিলেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা দিলেন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতির ছোট ভাই। ‎রবিবার ২৭ সেপ্টেম্বর  দুপুরে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করলেন মির্জা ফয়সল আমিন। ‎এর আগে তিনি বাবা মায়ের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে যোগদেন। ‎পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ‎মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। ‎নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। 

‎দলীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফয়সল আমিনসহ দলের কয়েকজন নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ‎পরবর্তীতে যাচাই-বাছাই ও দলীয় হাইকমান্ডের সবুজ সংকেতের পর তিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।  ‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ‎নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপ্রপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। ‎মনোনয়ন দাখিলের সময় মির্জা ফয়সল আমিনের সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপনির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক চাঞ্চল্য ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ‎অন্যদিকে, গতকাল এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম