বাইশারী বাজারে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাইশারী বাজারে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রস্রাবখানার টিনের চালের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে ‘আবু’ নামে পরিচিত এই ব্যবসায়ী চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মসজিদের ওয়াশরুমের পাশে প্রস্রাবখানায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসানকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর আহসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক আর্থিক সমস্যা বা পারিবারিক কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত নয়। বাজারের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল করিম বান্টু বলেন, আবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এমন মৃত্যুতে বাজারের ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধ বিহারের মাঠ থেকে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি