রাকাবের স্বাতন্ত্র্য ও অস্তিত্ব রক্ষায় ড. হোসনে-আরা বেগমের ভূমিকার কথা তুলে ধরলেন ব্যাংক কর্মকর্তাদের সামনে : কৃষকবান্ধব ঋণনীতি, কৃষি প্রক্রিয়া জাতকরণে বিনিয়োগ ও আমলাতান্ত্রিক জটিলতা পরিহারের আহ্বান

রাকাবের স্বাতন্ত্র্য ও অস্তিত্ব রক্ষায় ড. হোসনে-আরা বেগমের ভূমিকার কথা তুলে ধরলেন ব্যাংক কর্মকর্তাদের সামনে : কৃষকবান্ধব ঋণনীতি, কৃষি প্রক্রিয়া জাতকরণে বিনিয়োগ ও আমলাতান্ত্রিক জটিলতা পরিহারের আহ্বান
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

ব্যাংক খাতের সংস্কার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত অন্তর্বর্তীকালীন সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্তের বিরোধিতা করে রাকাবের স্বাতন্ত্র্য ও অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেন দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। ওই সময় তিনি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের টাঙ্গাইলের বাসভবনে এবং তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের বাসভবন ও কার্যালয়ে গিয়ে রাকাবকে একীভূত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। উত্তরাঞ্চলের কৃষি, কৃষক ও অর্থনৈতিক বাস্তবতায় একটি স্বতন্ত্র কৃষিভিত্তিক ব্যাংকের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বুধবার ১১ নভেম্বর বিকেল ৪টায় রাজশাহীতে রাকাবের প্রধান কার্যালয়ের জিএম কনফারেন্সে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানের উপস্থিতিতে ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি কৃষকবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, উত্তর বঙ্গের কৃষকদের বিশেষ স্বস্তি দিতে কৃষিজাত পণ্যের উৎপাদন, কৃষি প্রক্রিয়া জাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে রাকাবকে তার প্রতিষ্ঠার মূল বৈশিষ্ট্য ও লক্ষ্য অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে সমগ্র উত্তরাঞ্চলসহ দেশের কৃষি অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ড. হোসনে-আরা বেগম বলেন, প্রকৃত কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় সহজ শর্তে, সময়োপযোগী, জটিলতা ও হয়রানি মুক্তভাবে ঋণ বিতরণ করতে হবে। কৃষক যেন উৎপাদন কার্যক্রম পরিচালনা করে লাভবান হতে পারেন, সে ধরনের ঋণব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ঋণের শর্ত বাস্তব সম্মত হলে কৃষকের পক্ষে ঋণ পরিশোধ করাও সহজ হবে। টিএমএসএসের দীর্ঘ ৩৫ বছরের ব্যাংক-এনজিও লিংকেজ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে এনজিওর মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ করতে গিয়ে ঋণের অর্থ সংগ্রহের ব্যয় বেশি হওয়ায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ ও অন্যান্য খরচ অসহনীয় হয়ে ওঠে। ফলে প্রকৃত কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা প্রত্যাশিত ভাবে লাভবান হতে পারেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরাসরি কৃষক বান্ধব ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। তিনি আরও বলেন, শুধু ফসল উৎপাদনের ঋণ নয়, মাটি থেকে উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেসব পণ্য উৎপাদন, প্রক্রিয়া জাতকরণ ও প্রস্তুত করা হয়, সেসব কার্যক্রমকেও কৃষিঋণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এসব খাতে স্বল্প সুদে, নমনীয় ও সহনীয় শর্তে ঋণ দিতে হবে। ঋণ বিতরণে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে কৃষক, গ্রাহকের প্রতি বিশ্বাস, আস্থা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিতে হবে।

ব্যাংক খাতের বিদ্যমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঋণের অর্থ যথাযথ খাতে ব্যবহার না করা, অর্থ বিদেশে পাচার ও ইচ্ছাকৃত ঋণখেলাপির মতো অনিয়মের কারণে ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে। এর দায়ভার শেষ পর্যন্ত সাধারণ ও নিরীহ নাগরিকদের বহন করতে হচ্ছে। তাই প্রকৃত কৃষক ও দরিদ্র মানুষের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার পাশাপাশি ঋণের অর্থের যথাযথ ব্যবহার ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মতবিনিময়কালে তিনি উত্তর জনপদের কৃতী সন্তান প্রফেসর ড. রফিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি বগুড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, রাকাব তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে কৃষক, কৃষি উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে এবং উত্তরাঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে। এ সময় ব্যাংকের সকল পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের চেয়ারম্যান ও এমডি এর ব্যক্তিগত সহকারি এবং টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান