রসুনের বাজার নিয়ে হতাশ সাধারণ ব্যাবসায়ীরা!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
সামনে কোরবানীর ঈদ আসতে না আসতেই দিনাজপুর সদরসহ জেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদের হাটবাজারগুলোতে মসলা জাতীয় সব ধরণের পন্যের সঙ্গে সপ্তাহের ব্যবধানে একলাফে রসুনের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা । খুচরো বাজারের বিক্রেতারা বলছেন দেশীয় রসুনের সরবরাহ কমেযাওয়ার কারণে রসুনের দাম বেড়েছে । দিনাজপুর সদরের ঐতিহ্যবাহী শিকদারগঞ্জ, কমলপুর, খানপুর, পুলহাট, কুতইড়হাটসহ বিভিন্ন হাটবাজারগুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে , সব ধরণের মসলা জাতীয় পণ্যের সঙ্গে বেড়েছে নিত্যব্যবহার্য রসুনের দাম । যদিও খুচরো ও পাইকারি বাজারের ব্যবসায়ীদের দোকানগুলোতে রসুনের যথেষ্ট সরবরাহ দেখা গেছে । তদুপরি রসুনের দাম ঊর্ধ্বগতি । যদিও গত সপ্তাহান্তে এসব হাটবাজারগুলোতে রসুন বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে । কিন্তু আজ তা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে । খুচরো ব্যবসায়ীরা বলছেন, বাজারে অনেক দিন থেকেই দেশীয় উৎপাটিত রসুনের যথেষ্ট সরবরাহ ছিল । যা দিয়ে সুলভ মূল্যে বাজারের চাহিদা পূরণ করা হচ্ছিল । এখন কৃষকেরা ক্ষেত থেকে কাঁচা রসুন তুলছেন ।
খুচরো ব্যবসায়ীরা আরো বলছেন, সামনে ঈদকে সামনে রেখে বেশি দামের আশা নিয়ে কৃষকেরা রসুন শুকিয়ে নিজেরা যেমন সংরক্ষণ করে রাখছেন তেমনি অনেক ব্যবসায়ী আড়তদারেরা অধিক মুনাফা লাভের আশায় রসুন মজুদ করে রাখছেন । ফলে বাজারে সরবরাহ কমে গেছে রসুনের । সপ্তাহের ব্যবধানে রসুনের এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পেশা শ্রেনীর ভোক্তারা। রসুনসহ সব ধরণের মসলা জাতীয় পণ্যের দাম বৃদ্ধিতে বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন তারা ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান