নাইক্ষ্যংছড়ি'র চাকঢালা সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে ১ যুবকের পা বিচ্ছিন্ন
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র চাকঢালা সীমান্তে আবারও ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা চেরারমাঠ সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে মোঃ ছালাম (৪২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত মোঃ ছালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা চেরারমাঠ এলাকার মৃতঃ আফজাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪-এর শূন্য রেখা থেকে আনুমানিক ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহের সময় তিনি ল্যান্ড মাইন বিস্ফোরণের শিকার হন। বিস্ফোরণের তীব্রতায় তার বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে। স্থানীয়রা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি