দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননে ২ টি মূর্তি উদ্ধার!

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননে ২ টি মূর্তি উদ্ধার!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ী গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে দিনের ব্যবধানে উঠে আসে দুটি মূর্তি। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। রামবিগ্রহ দুটির ওজন যথাক্রমে ২৭ কেজি ও ১৫ কেজি। দিনাজপুর প্রাচীন জনপদ হওয়ায় এখানে এধরণের মূর্তি পাওয়া এখানে নতুন কিছু নয়। তবে এই গ্রামটির আরোও বিশেষত্ব আছে। ইতিহাস এখানেই। হরিনাথপুর রাজবাড়ী। নাম শুনেই কিছুটা আন্দাজ করা যায়। প্রাচীন এই গ্রামটিতে এককালে পরিত্যক্ত একটি রাজবাড়ী ছিলো। তার ইতিহাস আর উদ্ঘাটন হয়নি। ভাদুরিয়ার বিশাল শালবনের পাশের এই গ্রাম একরকম বুনো-ঘন-নিভৃতপল্লী বলা চলে। যে পুকুরে মূর্তি দুটি পাওয়া গেছে,তাও প্রাচীন বড়পুকুর হিসেবে পরিচিত। সুতরাং অসম্ভব নয়, এ মূর্তি সেই রাজবাড়ীরই সম্পত্তি।

এখান থেকেই অল্প একটু এগোলে হলাইজানা গ্রাম৷ হলাইজানায় পড়ে রয়েছে প্রায় ৫শ বছরের পুরোনো 'সুর' মসজিদ। না, সুরা নয়, সুর। এমন বয়সী মসজিদ আমাদের জানামতে দিনাজপুরে টিকে রয়েছে তিনটিই - ঘোড়াঘাটের সুরা মসজিদ, ঘোড়াঘটেরই দুর্গ নগরী মসজিদ এবং নবাবগঞ্জের দারিয়া মসজিদ। তবে হলাইজানার এই মসজিদটি ধ্বংসের পথে। অনেক কাজ করতে গিয়ে জেলা প্রশাসন প্রত্নতত্ত্বে মনোযোগ দিতে পারে না হয়তো। তাই শহরের রাজবাটী নিয়েই যত কথা, তাই তাঁরা কানে তোলেননা কখনো ৷ এগুলো তো আরও দূর! যাইহোক, প্রাচীন এ গ্রাম নিয়ে পড়াশোনা, গবেষণার সুযোগ আছে অনেক৷ বাংলাদেশের দুটো বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ আছে। জাহাঙ্গীরনগর, কুমিল্লা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান