ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটার সময় এক বাংলাদেশী কে ধরে নিয়ে যায় বিএসএফ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) সকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তির নাম মো. আজিজুর। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চারজন বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। পরে তিনজন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে আটক করে বিএসএফ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম