ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২১ মে (বুধবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান মৃত ভূবন আলীর পুত্র এবং তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আলতাফুর রহমান নিজ জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। আবহাওয়ার অবনতি টের পেয়ে তিনি মাথায় ধানের আঁটি নিয়ে তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা দেন। পথেই আকস্মিক বজ্রপাত তার মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতের আঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে যায়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম জানান, “বজ্রপাতের শিকার হয়ে একজন মৃত ব্যক্তি জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ঘটনাটি বজ্রপাতজনিত মৃত্যুই মনে হচ্ছে।” এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম