টেকনাফে ইয়াবা ও পিস্তলসহ দুই মাদক কারবারী আটক
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুন সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক মোটর সাইকেলটি থামানো হয়। পরবর্তীতে মোটর সাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মোটর সাইকেল চালক এর দেহ তল্লাশী করে কোমর হতে ১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত হলেন, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন জাদিমুড়া এলাকার শফিউল্লাহর পুত্র মোঃ মিজানুর রহমান (২০) দমদমিয়া এলাকার আইয়ুবের পুত্র মোঃ একরাম (২৬) বলে জানায়। আটক কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক