ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠেছে।

শিশুটির মা অভিযোগ করেন, সোমবার (২৮ জুলাই) বিকালে প্রচণ্ড বৃষ্টির সময় মাদ্রাসায় কোচিং করতে যাওয়া তার সন্তানকে শাহাদাৎ হোসেন যৌন নির্যাতন করে। ওই দিন বৃষ্টির কারণে মাদ্রাসায় মাত্র ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষক দু'জনকে ছুটি দিয়ে অবশিষ্ট দু'জনকে (এক ছেলে ও ভুক্তভোগী শিশুকন্যাটি) মাদ্রাসায় রেখে দেন।

স্থানীয় সূত্র ও পরিবারের বর্ণনা অনুযায়ী, শিক্ষক প্রথমে ছেলেটিকে কৈশলে মাদ্রাসার একটি রুম ঝাড়ু দিতে পাঠিয়ে শিশু শিক্ষার্থীটিকে নিজের কোলে বসিয়ে অশালীন আচরণ করেন। মাদ্রাসা সংলগ্ন একটি বিল্ডিং থেকে এক মেয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করে। এরপর শাহাদাৎ হোসেন শিশুটিকে মাদ্রাসার বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান। শিশুটি চিৎকার করলে শিক্ষক তাকে একটি ট্যাবলেট খাইয়ে দিয়ে মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে আবারো নির্যাতন করেন। পরে তিনি কক্ষটি তালাবদ্ধ করে চলে যান। অন্য শিক্ষার্থীর সহায়তায় শিশুটিকে অবশেষে কক্ষ থেকে বের করে আনা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদ্রাসায় ভাংচুর চালায়। স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও শাহাদাৎ হোসেন কয়েকবার শিশু শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছেন।

একান্ত সাক্ষাত্কারে শিক্ষক শাহাদাৎ হোসেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে ফাঁসানো এবং তার প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন নিশ্চিত করেন যে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ