ঝালকাঠির রাজাপুরে পাল্টাপাল্টি সমাবেশে জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও এর আশেপাশের এলাকায় সম্ভাব্য জননিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ জানান, ১২ আগস্ট রাত ১০টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, সভা, লাঠি বা অস্ত্র বহন এবং মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিএনপির রাজাপুর উপজেলা শাখা এবং ১১ আগস্ট যুবদল একই স্থানে একই সময়ে সমাবেশের অনুমতি চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত দুই দল মঞ্চ তৈরির প্রস্তুতি নেয়। প্রশাসন ও পুলিশ আলোচনার মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে ১৪৪ ধারা জারি করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "পারস্পরিক সমাবেশের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে বলে ইউএনওকে ১৪৪ ধারা জারির অনুরোধ জানানো হয়।"
ইউএনওর আদেশ অনুসারে, মার্কেট চত্বরে সমাবেশের জন্য প্রবেশ, ২০০ মিটার এলাকাজুড়ে পাঁচ বা ততোধিক লোকের জমায়েত এবং লাঠিসহ কোনো অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ