বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর নিজে এই অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এখন রোগীদের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে। জরুরি বিভাগে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়েছে। পাশাপাশি, সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বর (০১৭৮২-৭৫৫৫০০)
হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেশ সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। কয়েকজন রোগীর আত্মীয় জানান, এই সিদ্ধান্তের ফলে এখন তারা তাদের পছন্দমতো অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন এবং হয়রানি থেকে মুক্তি মিলবে।
'অ্যাম্বুলেন্স সিন্ডিকেট' নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার মাত্র এক দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ এই কার্যক্রম হাতে নেয়। ওই প্রতিবেদনে হাসপাতাল চত্বরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কীভাবে রোগী ও স্বজনদের হয়রানি করছে, তার বিস্তারিত বিবরণ উঠে আসে।
ভুক্তভোগীদের অভিযোগ, এই সিন্ডিকেটের কারণে তারা নিয়মিত হয়রানির শিকার হতেন। তাদের মতে, ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সে বরিশাল থেকে রোগী নেওয়ার খরচ পড়ে মাত্র তিন থেকে চার হাজার টাকা। কিন্তু সিন্ডিকেটের বাধার কারণে সেসব অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢুকতে পারত না। এমনকি নিজস্ব অ্যাম্বুলেন্স ব্যবহার করলেও সিন্ডিকেটকে তিন থেকে চার হাজার টাকা 'কমিশন' দিতে বাধ্য করা হত। তা না দিলে রোগীর স্বজনদের সিন্ডিকেটের কাছ থেকেই ১১ থেকে ১২ হাজার টাকার অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হতো।
সম্প্রতি উজিরপুর উপজেলার এক শিশুর পরিবার এমনই এক ঘটনার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার সময় তারা এই বাধার মুখোমুখি হন এবং প্রতিবাদ করায় তাদের হেনস্তার শিকার হতে হয়।
হাসপাতাল সূত্র থেকে জানানো হয়, এখন থেকে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকতে পারবে না। রোগী নামিয়ে দিয়েই তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। এছাড়া জরুরি বিভাগের সামনে সরকারির সাতটি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া বেসরকারির তুলনায় অনেক কম। শহরের মধ্যে ভাড়া রাখা হয়েছে মাত্র ৩০০ টাকা। আর শহরের বাইরে গেলে প্রতি কিলোমিটারে ভাড়া দিতে হবে ১০ টাকা। সরকারি অ্যাম্বুলেন্স পেতে ০১৭৮২-৭৫৫৫০০ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, "রোগীদের জিম্মি করে কোনো সিন্ডিকেট চলবে না। বেসরকারি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাই অবৈধ অ্যাম্বুলেন্স সরিয়ে দিয়ে স্ট্যান্ডের গেটে তালা লাগানো হয়েছে। কোনো চালক বা মালিক নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ