শাহবাগে আজও প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ, যানজট তিন দফা দাবিতে দ্বিতীয় দিন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিন ধরে চলছে অবরোধ। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে শাহবাগ ও সংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের পূর্বে "প্রকৌশলী" উপাধি ব্যবহারের অনুমতি না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার প্রদান। একই দাবিতে গত মঙ্গলবারও তারা পাঁচ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ করে রাখেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ প্রথম আলোকে জানান, তিন দফা দাবি আদায়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা শাহবাগ অবরোধ করেছেন। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
শাহবাগে এই অবরোধের কারণে এলাকাটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে; যা যানবাহন ও সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তির কারণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে প্রবেশ করতে না পেরে মৎস্য ভবন হয়ে চলাচলকারী বাসগুলো ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ দিয়ে যাওয়ার জন্য আসা যানবাহনগুলোকে মোড়ে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে থাকে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ