ডাকসু ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের মামলা, হল থেকে বহিষ্কার

ডাকসু ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের মামলা, হল থেকে বহিষ্কার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে তাঁরই রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ মামলাটি রাজধানীর শাহবাগ থানায় করা হয়।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিনের বাগবিতণ্ডার জেরে জালাল তাঁর রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে হল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে। হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এক ঘোষণায় বলেন, "এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। তাঁর ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।" গতকাল রাতেই জালালকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় সোপর্দ করে প্রশাসন।

আজ বুধবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মামলাটির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আসামি জালালকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় রবিউল হক জানান, "দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান এবং জোরে শব্দ করতে থাকেন। এতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে আমার ঘুমে সমস্যা হয়। এতে জালাল রেগে গিয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলেন। আমি যখন প্রতিবাদ করি, তখনই তিনি আমাকে আঘাত করেন।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ গতকাল রাতেই ঘটনায় জালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ