রাতভর সড়ক অবরোধ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদে সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রাতভর সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক অবরোধ শুরু করে তারা। বৃহস্পতিবার ভোরে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট-সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে টায়ার পোড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি, সমন্বিত ডিগ্রি চালুর বিষয়ে গঠিত কমিটি শিক্ষার্থীদের ভোট নেয়; যেখানে প্রস্তাবটি বিপুল ব্যবধানে পাস হয়। কমিটি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এখন শুধু শিক্ষা কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাকি।
ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু প্রশাসন শুধু গড়িমসি করছে। উপাচার্য আরও সময় চেয়েছেন, কিন্তু আমাদের আলটিমেটাম ছিল বুধবার পর্যন্ত। আমরা চাই, আগামী রোববারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করা হোক।’
পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন, ‘২৯ দিন পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ। এত দিনেও কার্যকর সিদ্ধান্ত আসেনি। প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে এসে শুধু আশ্বাস দিয়ে চলে গেছেন। উপাচার্য যতক্ষণ না এখানে এসে রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের আশ্বাস দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।’
সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ৩০ জুলাই থেকে অনুষদটির ফটকে তালা ঝুলছে। একই দাবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন। সোমবার থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেন এবং মঙ্গলবার অনুষদের সব ফটকে তালা দেন। বুধবার দুপুরে প্রশাসন ভবনেও তালা দেন আন্দোলনকারীরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ