চুয়েটে তিন দাবিতে আজও শিক্ষার্থীদের ‘শাটডাউন’ চলছে

চুয়েটে তিন দাবিতে আজও শিক্ষার্থীদের ‘শাটডাউন’ চলছে
ছবিঃ দৈনিক বিজয় নিউজ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি আজ রোববারও অব্যাহত রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। 'প্রকৌশল অধিকার আন্দোলন' এর ঘোষণা অনুযায়ী সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচির প্রভাবে সকালে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল ফাঁকা দেখা গেছে। শিক্ষার্থীরা ক্লাসে না আসায় সকল একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীদের বক্তব্য, ঢাকায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার কোনো বিচার না হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপ্লোমাধারী প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত হুমকির প্রতিবাদে তারা চতুর্থ দিন ধরে এই বর্জন কর্মসূচি পালন করছেন। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে তারা ক্যাম্পাসেই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন। তবে তাদের দাবি না মানা হলে তারা আবারও বিভাগীয় শহরগুলোতে সমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, "কোনো বিচার না পাওয়া এবং আমাদের দাবির ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় আমরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষকে ভোগান্তি না দিতে মাঠের কর্মসূচি স্থগিত রেখে শুধু ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করছি। তবে দাবি না মানলে আমরা আবারও বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করব।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোয়াজ্জেম হোসেন বলেন, "ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। এটি দেশের জন্যও ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ, তারা যেন দ্রুত এই বিষয়ে কার্যকর সমাধান করেন।"

উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' উপাধি ব্যবহারের অনুমতি না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে না তোলা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া—এই তিন দফা দাবিতে গত বুধবার শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ এলাকা অবরোধ করেছিলেন। বৃহস্পতিবার তাদের 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও সংলগ্ন এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের দিকে রওনা দিলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হন। অন্যদিকে পুলিশের বক্তব্য, শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করায় তাদের কয়েকজন সদস্য আহত হন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ