মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই।

সোমবার ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল স্থানীয় রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।

ওসি খালেদুর রহমান আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাঁকে নেওয়ার জন্য মাগুরা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশের দলটি আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সোমবার বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, আশরাফুজ্জামানের আটকের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে আনতে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় যাবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ