ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ; সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ
দৈনিক বিজয় নিউজ ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যার ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০-৭০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন ।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা স্পষ্ট জানান যে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট তারা কোনোভাবেই মেনে নেবেন না। তাদের মূল দাবি হলো "ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই" এবং তারা যতদিন প্রয়োজন মনে করবে ততদিন এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "ভোর থেকে দুটি মহাসড়কেই কয়েকশ মানুষ অবরোধ করে বসে আছেন। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে" ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে ফরিদপুর জেলার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেন। এই গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন করা হয়েছে এবং হাইকোর্টে রিট আবেদনও দায়ের করা হয়েছে ।
এই অবরোধের ফলে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও যশোর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে ভাবে ব্যাহত করছে ।
দৈনিক বিজয় নিউজ/ রাশিদুল ইসলাম