ঢাকাসহ সারা দেশে তিন দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে; জামায়াত

ঢাকাসহ সারা দেশে তিন দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে; জামায়াত
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত, সরকারের ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির’ বিচার নিশ্চিত এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। তবে কোনো কোনো রাজনৈতিক দলের ভিন্নমতের কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

লিখিত বক্তব্যে জামায়াতের অবস্থান তুলে ধরে বলা হয়, দলটি জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে সব সময় জোরালো ভূমিকা রেখেছে। জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ছাড়া ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে জামায়াত মনে করে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জামায়াত নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম বন্ধ, কোয়ালিটিসম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরির লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জামায়াত জোর দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত বলে দলটির বক্তব্যে উল্লেখ করা হয়।

জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে উল্লেখ করে জামায়াতের বক্তব্যে বলা হয়, এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/