চার দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের
দৈনিক ভিসা নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হন রাস্তার যাত্রীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. প্রকৌশল অধিকার আন্দোলনের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকিদানকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে কার্যক্রম বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং শিক্ষায় 'ওয়ান-চ্যানেল এডুকেশন' চালু করা।
আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, "এর আগে আমাদের ছয় দফা দাবি সরকার মেনে নিলেও সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবিরও নিরসন করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।"
দৈনিক বিজয় নিউজ/ ই