পদোন্নতি ও বৈষম্যের প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পদোন্নতি ও বৈষম্যের প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
ছবিঃ মোঃ আরিফ মাহমুদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কারিগরি শিক্ষা ও উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাক্ষান ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক পটুয়াখালী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

আজ বুধবার, আজ সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এবং বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।”

তারা আরও বলেন, “অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।” আমাদের যৌক্তিক দাবিগুলো হলোঃ
১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা।

২। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা। 

৩। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা।

8।  আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২৫ নির্ধারণ করা।

৫। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা।

৬। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ; অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমানদ ঘোষণা করা।

৭। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি করে বলেন, দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ