সাফারি পার্কে অনুপ্রবেশ ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপ,একযোগে অভিযানে আটক ৪০
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার উত্তর পেলাইদ গ্রামের ‘রাস রিসোর্টে’ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিবন্ধনবিহীনভাবে পরিচালিত হওয়ায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী রিসোর্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও রিসোর্টের স্টাফসহ ১৮ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে চারজনের বিরুদ্ধে মানবপাচার মামলা দায়ের করা হয়েছে, বাকিদের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় নাট্যনির্মাতা নাসির উদ্দিন, বাবর ও এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।
এছাড়া, গাজীপুর সাফারি পার্ক এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ১১ জনকে আটক করা হয়। রাজনৈতিক মামলায় গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু মেম্বারসহ আরও কয়েকজনকেও গ্রেপ্তার করে পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধে আরও কয়েকজনকে আটকসহ সব মিলিয়ে মোট ৪০ জনকে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা দেখতে পাই, কিছু ব্যক্তি রিসোর্টকে আড়াল করে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। মানবপাচার, ধর্ষণ, অনুপ্রবেশ, মাদক ও রাজনৈতিক মামলাসহ মোট ৪০ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে অপরাধমুক্ত রাখা আমাদের দায়িত্ব। শ্রীপুরকে একটি অপরাধমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন