শহিদুল আলমদের বহনকারী কনশেনস জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্রিডম ফ্লোটিলা ; আল–জাজিরা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া জাহাজ বহরকে ইসরায়েল আটক করেছে। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীকে ইসরায়েলি সেনারা আটক করেছে বলে নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ।
বুধবার এ ঘটনা ঘটে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী 'দ্য কনশেনস' জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকেও ইসরায়েল আটক করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে ফ্রিডম ফ্লোটিলার জাহাজে অভিযান চালানোর কথা স্বীকার করে। মন্ত্রণালয় দাবি করে, 'বৈধ নৌ অবরোধ ভঙ্গ এবং যুদ্ধাঞ্চলে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে।' তাদের দাবি, জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে এবং সবাই নিরাপদ রয়েছেন।
এর আগে, বাংলাদেশ সময় বুধবার সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ইসরায়েলি বাহিনী তাদের জাহাজটি মাঝসমুদ্রে আটক করেছে এবং তিনি নিজেকে 'অপহৃত' বলে উল্লেখ করেন।
শহিদুল আলম যে 'কনশেনস' জাহাজে রয়েছেন, তা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)'র নৌবহরের অংশ। গাজার উপর ইসরায়েলের অবরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষিতে এই জাহাজটি গাজার উদ্দেশে রওনা হয়েছিল।
ঘটনার আগের দিন মঙ্গলবার ফেসবুকে একটি পোস্টে শহিদুল আলম সতর্ক করে দিয়েছিলেন যে বুধবার ভোরে তারা 'রেড জোন'-এ পৌঁছে যেতে পারেন, যেখানে ইসরায়েলি সেনারা এর আগে 'সুমুদ ফ্লোটিলা'র জাহাজ আটক করেছিল।
দৈনিক বিজয় নিউজ/ ই