পাবনায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
পাবনায় বুধবার (৮ অক্টোবর ২০২৫) ভুল চিকিৎসায় সাত মাস বয়সী সাব্বির নামে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। পাবনা অভিযোগে জানা যায় যে, পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত মাস বয়সী সাব্বির নামে এক শিশুর মৃত্যুর ঘটেছে। বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার তিন ঘণ্টার মধ্যেই শিশু সাব্বির মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শিশুটি নিউমোনিয়া ও হৃদযন্ত্রে ছিদ্র (হার্ট হোল) জনিত জটিলতায় মারা গেছে।
হাসপাতাল সূত্রে আরো জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের রনি মোল্লা তার সন্তান সাব্বিরকে ঠাণ্ডাজনিত সমস্যায় দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পরিমল পান্ডে শিশুটিকে দেখে দায়িত্বপ্রাপ্ত নার্সকে ইনজেকশন পুশ করতে বলেন। ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং পরে সে মারা যায়।
এ বিষয়ে ডা. পরিমল পান্ডে বলেন, “শিশুটি নিউমোনিয়া ও হার্টে ছিদ্র নিয়ে ভর্তি হয়েছিল। এটি ভুল চিকিৎসার ঘটনা নয়।” তবে মৃত শিশুর স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি করার পর তিন ঘণ্টা পার হলেও চিকিৎসা শুরু করা হয়নি। সময় মতো চিকিৎসা পেলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল বলে তাদের অভিযোগ। শিশুটির মা অভিযোগ করে বলেন, “ওয়ার্ড থেকে কয়েকটি পরীক্ষা করানো হয়। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি রিপোর্ট না দেখেই ইনজেকশন দেন। গরু বিক্রি করে ছেলের চিকিৎসা করাতে এনেছিলাম, কিন্তু ভুল চিকিৎসায় আমার সন্তানকে হারালাম। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”
শিশুর বাবা রনি মোল্লা জানান, “সুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। পথে বাচ্চা দুধ খেয়েছে, হেসেছে। কিন্তু সামান্য ঠাণ্ডার চিকিৎসা করতে এসে ছেলেকে হারাতে হলো। এখন উল্টো চিকিৎসক ও নার্সরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছেন, আমরা যেনো এ বিষয় নিয়ে কথা বার্তা না বলি।” এদিকে এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হাসান রিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন মন্তব্য করেননি। স্থানীয়রা বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ