কীভাবে ফিরছে গাজাবাসী, কী বলছে তারা

কীভাবে ফিরছে গাজাবাসী, কী বলছে তারা
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

গাজায় শুক্রবার (১০ অক্টোবর) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। দুই বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়ানো মানুষদের জন্য এই প্রত্যাবর্তন এক নতুন আশার সংকেত 

বাড়ি ফেরার এই যাত্রায় ফিলিস্তিনিদের মধ্যে অনুভূতি খুবই মিশ্র। কেউ আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আবার কেউ এই শান্তি কতটা টেকসব হবে তা নিয়ে রয়ে গেছে গভীর সংশয় 

গাজাবাসীরা তাদের বাড়িতে ফেরার পথে যা বলেছেন, তা তুলে ধরা হলো:

  • আমির আবু ইয়াদে (খান ইউনিসের বাসিন্দা): “এ অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, যদিও আমরা ক্ষতবিক্ষত ও বেদনাক্রান্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরছি।” 

  • মুহাম্মদ মুর্তজা (৩৯ বছর বয়সী, গাজা নগরীর বাসিন্দা): “আমি সব সময় এই প্রার্থনা করতাম, আমি গাজা নগরীতে আমার বাড়িতে ফিরে যেন দেখি, আমার বাড়িঘর ঠিক আছে, গুঁড়িয়ে যায়নি। আমরা শুধু চাই, যুদ্ধটা চিরতরে শেষ হোক। আমাদের যেন আর কোনো দিন পালাতে না হয়।” 

  • আরিজ আবু সাদায়েহ (৫৩ বছর বয়সী, যুদ্ধের শুরুতেই বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন): “এই যুদ্ধবিরতি এবং শান্তি ফেরায় আমি খুশি। যদিও আমি এমন এক মা, যে যুদ্ধে নিজের এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছেন। তাঁদের জন্য আমার খুব কষ্ট হয়। তারপরও এই যুদ্ধবিরতি আনন্দ ফিরিয়েছে আমরা আমাদের বাড়িতে ফিরছি।” 

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তি সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে:

  • সেনা প্রত্যাহার: যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি সেনারা তাদের অবস্থান সরিয়ে নেবে । ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই গাজা সিটি ও খান ইউনিস থেকে তাদের সেনা ও সশস্ত্র যানবাহন সরিয়ে নেওয়া শুরু করেছে ।

  • জিম্মি ও বন্দি মুক্তি: যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে, হামাস বন্দি সব জীবিত জিম্মিদের মুক্তি দেবে । জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তার কারাগারে আটক প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ।

  • মানবিক সহায়তা: চুক্তি অনুযায়ী, ত্রাণবাহী ট্রাকগুলো কোনো বাধা ছাড়াই গাজায় প্রবেশ করতে পারবে । শুরুতে দৈনিক অন্তত ৪০০টি ট্রাক গাজায় ঢুকবে এবং পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে দৈনিক ৬০০টিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ।

এই চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা ‘শান্তি পরিকল্পনা’-র প্রথম ধাপ । মিশরের শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার পর এই চুক্তিতে সম্মত হয় ।

এই যুদ্ধবিরতি কতটা টেকসব হবে এবং ভবিষ্যতে শান্তি প্রক্রিয়া কী দিকে মোড় নেয়, তা এখন সবার জন্য অপেক্ষার বিষয়।

দৈনিক বিজয় নিউজ/ আল–জাজিরা