কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিল পুলিশ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার বিকেলে দলটির একটি সমাবেশ পুলিশ বাধা দেয়ায় পণ্ড হয়ে যায়। ঘটনাটি ঘটে বিকেল পৌনে চারটার দিকে।
পুলিশ দাবি করেছে যে, এই সমাবেশের জন্য দলটি পূর্বানুমতি নেয়নি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা অনুমতি নিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, জাতীয় পার্টির নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জমায়েত হলে পুলিশ তাদের তাড়া করে সরিয়ে দিতে থাকে। এ সময় পুলিশ জলকামান ব্যবহার করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমাবেশকারীদের ছত্রভঙ্গ করে।
বিকেল সাড়ে চারটার দিকে কার্যালয়ের প্রধান ফটক বন্ধ দেখা যায় এবং ভবনের সামনে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়। সমাবেশের জন্য আনা চেয়ার-টেবিল সরিয়ে নিতে দেখা যায় ডেকোরেশনের কর্মীদের।
রমনা থানার অপারেশনের পরিদর্শক আশিকুর রহমান বলেন, "অনুমতি ছাড়াই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছিল, তাই পুলিশ সেখানে সমাবেশ করতে দেয়নি।"
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরও আগে, ৩০ আগস্টও দলটির কার্যালয়ে হামলা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ ই